সেই ঘোড়ায় চড়ে ঠুকঠুক করে ছেলে দারতাঁয়া এসে মিয়া শহরে পৌঁছুল। তখন সবে সকাল হয়েছে। এপ্রিল মাস। এই সাতসকালেই পথে লোকজনের বেশ ভিড়। একটা হলদে-রঙের বুড়ো ঘোড়ার পিঠে সঙের মতো সাজপোশাক পরা ছেলেটিকে শহরে ঢুকতে দেখে পথের লোক প্রথমে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর মজা পেয়ে তারা হাততালি দিয়ে হৈহৈ করতে লাগল।
সে কিন্তু সেদিকে একটুও মনোযোগ না দিয়ে ঘোড়া ছুটিয়ে চলেছে! ও এখন যেতে চায় কোনো-একটা হোটেলে। সকালবেলাতেই তার একবার খাওয়া অভ্যাস। খিদে-তেষ্টা পেয়েছে খুব জোর। আর শুধু নিজেই যে খাবে, তাও তো নয়; ঘোড়াটাকেও খাওয়াতে হবে। অনেক দূর চলে এসেছে বেচারি বুড়ো ঘোড়া, আরও অনেক অনেক দূর যেতে হবে তাকে। সেই রাজধানী প্যারি শহরে! যেখানে রাজা আছেন, মন্ত্রী আছেন আর আছেন তাঁর মুরুব্বি সেনাপতি ত্রেভিয়ে। সকলের আগে সে যাবে তাঁর কাছে। অমন নামজাদা মানুষ-বাড়ি পেতে নিশ্চয়ই অসুবিধা হবে না! পথে যাকে জিজ্ঞাসা করবে, সে-ই বলে দেবে কোথায় তাঁর বাড়ি!