বিচারপতি লতিফুর রহমান সাংবিধানিকভাবে দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন। বঙ্গভবনে সন্ধ্যা ৭টা বারো মিনিটে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে বিরোধীদলের নেত্রী খালেদা জিয়া এবং বিএনপিসহ চারদলীয় জোট নেতৃবৃন্দ শপথ অনুষ্ঠান বর্জন করেন।
শপথ নেয়ার পরপর তত্ত্বাবধায়ক সরকার প্রধান প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করে। ১৩টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদে পরিবর্তন আনা হয়। পাশাপাশি ১৮ জন অতিরিক্ত জেলা প্রশাসক ও ২২ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করা হয়।