বৈশাখের অমল সকাল।
রাঙা মামা উঠোনে মাদুর বিছিয়ে হারমোনিয়ামে গলা সাধছেন সা...রে...গা...মা।
ভোরের পৃথিবী কি মিষ্টি লাগছে! মা'র বাগানে গন্ধরাজ, বেলী, গোলাপ- এর শরীর ছুঁয়ে ছুঁয়ে চক্রাকারে বাতাস আবর্তিত। নিত্য নৈমিত্তিক ব্যাপার। আজ নতুন করে ভালো লাগছে। এ ভালো লাগার কার্যকারণ আছে কি? আছে। মা'র গতরাতে হার্টের ব্যথাটা উঠেনি। দ্বিতীয়তঃ আজ নন্দিনীর সাথে দেখা হবে। খুশির জ্যোতিকণা আমার রক্তে ঝিলিক মারে।
জনকিটস বুকের মাঝে হাঁটেন, 'ভালোবাসাই আমার ধর্ম-এর জন্য আমি মরতেও প্রস্তুত।' ইংল্যান্ডের রাজা ষষ্ঠ এডওয়ার্ড নর্তকী, প্রেমিকা জাতকূলহীন মিস সিমসনের জন্য পরিত্যাগ করেছিলেন ইংল্যান্ডের সিংহাসন। নির্বাসিত হয়ে প্যারিসে সিমসন কে নিয়ে জীবন অতিবাহিত করেছিলেন।