নিয়তি বলতে মানুষের ভাগ্য, অদৃষ্ট, ফেট্, নেমেসিস, বিধাতৃ-বিধান, অদৃষ্ট-লিখন, অদৃশ্যলিপি, দৈব নিয়ন্ত্রিত অদৃশ্য বাণী প্রভৃতি অর্থ বোঝায়। কখনও খরা, প্লাবন, মহামারি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ রূপে, কখনও বা গণশক্তির অভ্যুত্থান বা আন্দোলনরূপে নিয়তি সাহিত্যে রূপায়িত হয়।
দেশ-কাল-সমাজ ভেদে নিয়তির রূপ ও রীতি, বৈশিষ্ট্য ও প্রকৃতির তারতম্য ঘটে। মানুষের জীবন ও জগতের রহস্যময়তার মধ্যে নিয়তির বীজ লুকিয়ে থাকে, উপযুক্ত অনকূল পরিবেশে সে বীজ অঙ্কুরিত হয়ে ধীরে ধীরে তা মহীরুহে পরিণত হয় এবং তা ভয়ঙ্কর-ভয়ালরূপে আবির্ভূত হয়ে জীবনকে বিপর্যস্ত করে দেয়। মানব সমাজে প্রচলিত এ সাধারণ প্রত্যয়ের বাইরেও নিয়তি পূর্বজীবনের মধ্যেও অবস্থান নেয়, কখনও বা তা বংশগতিজাতরূপে মানব জীবনে আবর্ভূত হয়ে পুরুষানুক্রমে মানব জীবনে প্রতিফলিত হয়।