১৪ই ডিসেম্বর ভোরে মনোনীত উত্তরাধিকারী'র মৃতদেহ পাওয়া গেল তাঁর শোবার ঘরে । দুপুরে আলবেনিয়া টেলিভিশনে একটা ছোট্ট খবর পড়া হল : "১৩ই ডিসেম্বর রাত্রে অত্যধিক মানসিক চাপ সহ্য করতে না পেরে পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন।"
আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো আলবেনিয়া সরকারের বিবৃতি উদ্ধৃত করে খবরটা সারা বিশ্বে ছড়িয়ে দেয়।
বিকেল বেলা, প্রথমে যুগোস্লাভ রেডিওর খবরে সন্দেহ প্রকাশ করা হয়, 'এটা কি সত্যিই আত্মহত্যা ছিল, না কি হত্যা?' তারপরই সংবাদ সংস্থাগুলো নিজেদের বুলেটিনে দুই সম্ভাবনার কথাই উল্লেখ করতে শুরু করে।
উপরের দিকে তাকালে যতদূর চোখ যায় শুধু নীল আকাশ। খবরটা আকাশপথে বিশ্বের কোণে কোণে ছড়িয়ে পড়ল। আকাশের ঠিক মাঝখানে অনেক উঁচুতে একটা কালো মেঘ কিন্তু বিধাতার অভিশাপের মতো জেগে রইল।