একশোটা মধুরচাকে মৌমাছিদের গুঞ্জনের যতটুকু শব্দ, তার চেয়ে দ্বিগুণ শব্দে মুখরিত বাচ্চাদের স্কুলের মাদার সেড বা ওয়েটিং রুম, মায়েরা যেখানে বাচ্চাদের জন্য অপেক্ষা করে। দশ-বারোজনের গ্রুপ একেকটা। সেখানের একটি গ্রুপের সবাই এসেছে। শুধু রিনি বাদে। উদ্বিগ্ন চোখে মিলি বলল, রিনি ভাবি কি যানজটে পড়লো, না আসবেই না আজ।
সব ভাবিদের মুখেই এই টপিক নিয়ে আলোচনা। এরই মধ্যে হন্তদন্ত হয়ে রিনি এসে পৌঁছল।
রোজি বলল, কি ব্যাপার ভাবি এতো হাঁপাচ্ছেন কেন? কী হয়েছে? উৎসুক মুখগুলো চেয়ে আছে রিনির দিকে।
বসতে বসতে রিনি বলল, আর বলো না ভাবিরা, একপা বাইরে এক পা ভেতরে ঠিক এই সময় গেট বন্ধ করে দিচ্ছিল। ভাগ্যিস দুটো পা-ই ভেতরে এনেছিলাম। তা-না হলে সর্বনাশ হয়ে যেত। মৌ বলল, কেন সর্বনাশ হতো ভাবি?