এ গল্প এক ছোট্ট দ্বীপের—ভাসানচর। অপার সমুদ্রের বুক চিরে জেগে ওঠা একটি প্রাণ, যেখানে গোধূলি আকাশে রক্তিম আভা ছড়িয়ে পড়ে, আর বিস্তীর্ণ চরে নেমে আসে রূপালি জোছনা, রাতের আকাশে জেগে থাকে লক্ষ তারা অতন্দ্র প্রহরীর মতো।
এ এক তরুণীর গল্প—সংসারের দায়ে, বেঁচে থাকার তাগিদে দূর সমুদ্রপাড়ের এই দ্বীপে যার আগমন। তার ভেতরে রয়ে যায় কৈশোরের অব্যক্ত প্রেমের দীর্ঘশ্বাস, কিংবা লোনা বাতাসে জন্ম নেয় নতুন কোনো ভালোবাসা!
এ এক তরুণ চিকিৎসকের সংগ্রাম ও স্বপ্নের গল্প—রাত জেগে মৃত্যুর হাতছানি থেকে মানুষকে ফিরিয়ে আনার অবিচল সংকল্প। কিংবা বিস্তীর্ণ সমুদ্রচরে এক রাখালের জীবন—সহস্র পশুর শব্দে, ঘাসের গন্ধে, ঝড়ের স্মৃতিতে জড়ানো তার দিনরাত্রি।
এখানে আছে ভয়—যে ভয় কখনো নিজের ছায়া হয়ে এসে কানে কানে কথা বলে। আবার আছে সেই ভয়কে জয় করার দৃঢ়তা—নিস্তব্ধ দ্বীপের বুকের ওপর দাঁড়িয়ে অন্ধকারের চোখে চোখ রাখা।
বিচ্ছিন্ন এই ভূখণ্ডে বর্ষার দিনে আছে খিচুড়ি বিলাস, উনিশের বাজারে শীতের পিঠার মিষ্টি আমেজ—এখানে আছে ভালোবাসা, বন্ধুত্ব, অতিপ্রাকৃত বিশ্বাস, বিজ্ঞানের আলো, বিরহ ও মিলন। আর আছে এক বাতিঘর, যে গভীর অন্ধকারে নীরবে আলো জ্বেলে পথ দেখায়।