মুলিবাঁশের বেড়ার সাথে টাঙানো একটা ছবি। জাবিরের আঁকা। ঝাড় থেকে একটা বাঁশ কেটে এনেছিলো সে। তারপর দা দিয়ে সুন্দর করে কয়েকটা চটা করেছিলো। ছবিটার মাপ নিয়ে চটাগুলো মনের মতো করে কেটে নিয়েছে জাবির। সেইসাথে ছবিটার মাপের একটা ফ্রেম। বাজার থেকে কিনে এনেছিলো গ্লাস পেপার আর পিন।
তারপর একটা ছুটির দিনে ছবিটা বাঁধাই করেছিলো জাবির। বাবাকে টের পেতে দেয়নি। তাহলে আর রক্ষা ছিলো না। যা রাগী মানুষ! জাবির তার টেবিলের সামনের বেড়াটার সাথে টাঙিয়ে দিয়েছে ছবিটা। একটা আত্মতৃপ্তি তার মনে। মিনু খালা গত শীতে ঢাকা থেকে এসে কী না প্রশংসা করেছিলো ছবিটার। কয়েকটা তুলিও খালা কিনে দিয়েছিলো জাবিরকে। ফাহিম একদিন চুরি করেছিলো ছবিটা। কিন্তু ধরা পড়ে যায় দুদিনের মাথায়। বন্ধু বলে কিছুই বলেনি জাবির।