পাড়াটা নতুন গড়ে উঠেছে। চকচকে পিচের রাস্তা। সন্ধে হলেই রাস্তার সবগুলো লাইট একসাথে জ্বলে ওঠে। একতলা এবং দোতলা বাড়ির সংখ্যাই বেশি। বেশকিছু প্লট খালি পড়ে আছে। মাঝে মধ্যে দুই একটা ৪/৫ তলা বাড়ির দেখা মেলে। এমনই একটা ৪ তলা বাড়ির ছাদে রুমের একটা ছোট ফ্ল্যাট ভাড়া পেয়ে গেলাম। বাড়িওয়ালা একজন প্রভাবশালী সাংবাদিক।
তার একমাত্র ছেলে বিদেশে পড়ালেখা শেষ করে দেশে ফিরে এলে এবং বিয়ে করলে বাসাটা আমাকে ছেড়ে দিতে হবে, একথা প্রথমেই বলে নিলেন। ২ মাসের ভাড়া এডভান্স দিতে হলো। আমার ফ্ল্যাটের দক্ষিণ দিকে অনেকখানি ছাদ। বেশ কতগুলি ইটের প্লাস্টার করা বসার জায়গা । সন্ধ্যেবেলা প্রচুর বাতাস লাগে এবং সেখানে আড্ডা বসে। সাংবাদিক চাচা আমাকে একটা ২০০ পাওয়ারের বাল্ব লাগাতে বললেন এবং আমি তা লাগিয়েও দিলাম।