ভূতের বংশধরআসল নামটা লোকজন ভুলেই গেছে। প্রতিষ্ঠানটির নাম এখন মায়ার স্কুল। কিসের মায়া?কেন মায়া? এসব আর কেউ খোঁজে না। মুখে মুখে ছড়ায়। কানে কানে কথা পৌঁছে যায়।সবাই তা প্রাণে প্রাণে রাখে।বিরাট স্কুল। বড় মাঠ। মাঝখানে চল্লিশ বছর বয়েসি রেইনট্রি গাছ দাঁড়িয়ে ছায়া দিচ্ছে। মাঠের চারপাশ ঘিরে অফিস আর ক্লাস রুম।রেইনট্রির বড় দুটো ডাল মরে গেছে। যে কোনো সময় ভেঙ্গে পড়তে পারে কারো মাথায়। দুর্ঘটনার ভয়ে কেউ কেউ গাছটা কেটে ফেলার কথা বলছে। অধ্যক্ষ রাজি হন না। বলেন অনেক ঝামেলা। নিয়মাচার করতে হবে। সময় লাগবে। তা লাগুক। কিন্তু মুশকিল হয়েছে অন্য জায়গায়। কেউ রাতের ডিউটি করতে চাচ্ছে না। কোনো পাহারাদার রাতের বেলা স্কুলে থাকতে চাচ্ছে না ভয়ে। যে-ই থাকে সে পরদিন আর থাকতে চায় না।