দু'জন বিদেশী এসে ঢুকলো গ্রামে। তাদের মধ্যে একজনের পিঠে বাঁধা একটি হারমোনিয়ম। তারা একটি সুবিধেমত জায়গা বেছে নিয়ে হারমোনিয়ম বাজাতে শুরু করলো। কাজেই হৈ-চৈ পড়ে গেল গ্রামে। বাজনা শুনে সবাই এসে জড়ো হলো সেখানে। ছেলেরা, বুড়োরা, মেয়েরা, ছোড়ারা সবাই এলো;-খোঁড়ারাও বাদ গেল না।
হারমোনিয়ম বাজিয়েটার এক চোখ কানা। তার সঙ্গীটার কাঁধে একটা ঝুলি। লোকটা এক সময় তার মাথার টুপিটা নিয়ে শ্রোতাদের কাছে এগিয়ে এলো-পয়সার জন্যে। কিন্তু পয়সা কোথায় পাবে তারা? গরিব গ্রামবাসী সব। এই শীতকালে গ্রামের সমর্থ পুরুষরা গেছে লফোটেনে মাছ ধরতে। ফিরে আসবে বসন্তকালে। তবেই তো আসবে তাদের হাতে পয়সা। এখন পয়সা কোথায় পাবে তারা? কাজেই লোকটা কোনো পয়সা না পেয়ে ... নিরাশ হয়ে টুপিটা নিজের মাথায় পরলো।