জন্মের পর যে মুহূর্ত থেকে মানুষ চারপাশে কী ঘটছে অনুধাবন করতে শেখে, ঠিক সেই মুহূর্তে মানুষের জীবনে প্রথম আলো জ্বলে ওঠে এবং প্রকৃত অর্থে সেই দিন তার সত্যিকার জন্ম হয়, দীপ বাবুর ফেলে আসা জীবনের দিকে তাকিয়ে তার ঠিক এই রকমই মনে হয়, তার মনে পড়ে যেদিন থেকে সে প্রথম জীবন- জগৎ দেখতে শুরু করে, সেদিন সে রান্নাঘরের পেছনে তার থেকে কয়েক মাসের ছোট এক কাকাতো ভাইয়ের সাথে পাটকাঠি আর মানকচুর বড় পাতা দিয়ে ঘর বাঁধছিল, সে শুনতে পেল তাদের বাড়ির আঙিনা দিয়ে হইচই করতে করতে তার সমবয়সী পাশের বাড়ির এক ছেলে তার বড় ভাই ও পাড়ার আরও কয়েকজন ছেলে স্কুলে যাচ্ছে, ছেলেটার মা তাকে স্কুলের এগিয়ে দিতে তাদের বাড়ি পর্যন্ত এসেছে।