২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন ছিল অন্যায়, বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে এক সর্বাত্মক গণজাগরণ। ৩৬ দিনের এই লড়াই, নিরস্ত্র ছাত্র-জনতার আত্মত্যাগ, রক্তাক্ত রাজপথ এবং স্বৈরশাসকের পতন- সবকিছু মিলিয়ে ৫ আগস্ট ২০২৪, এক নতুন ইতিহাসের জন্ম দিয়েছে। ‘২৪-এর জুলাই ছাত্র-জনতার আন্দোলন’ বইটি এইচ বি রিতা’র লেখা সেই রক্তাক্ত অধ্যায়ের এক সুসংগঠিত প্রামাণ্য দলিল।
এইচ বি রিতা, দীর্ঘ ২৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করলেও, মনেপ্রাণে দেশের জন্য নিবেদিত। তাই তিনি ছাত্র জনতার আন্দোলনের প্রতি দায়বদ্ধতা থেকেই কলম ধরেছেন, যেখানে উঠে এসেছে আন্দোলনের প্রতিটি মুহূর্তের নির্মম বাস্তবতা, রাষ্ট্রের দমন-পীড়ন, শিক্ষার্থীদের বীরত্ব এবং লিপিবদ্ধ হয়েছে গণজাগরণের চূড়ান্ত রূপটি।
‘২৪-এর জুলাই ছাত্র-জনতার আন্দোলন’ আমাদের জানান দেয়, একটি সুশৃঙ্খল, ন্যায়ভিত্তিক সমাজে বসবাস করা কতটা জরুরি এবং ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য কীভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। বইটিতে লেখকের অন্তর্দৃষ্টি, পর্যবেক্ষণ, উপলদ্ধি, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে পাঠক খুঁজে পাবেন আন্দোলনের গভীর বাস্তবতা, রাষ্ট্রের দমননীতি ও প্রতিরোধ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও অভ্যন্তরীণ রাজনীতি এবং রক্তাক্ত অধ্যায় পেরিয়ে কীভাবে ছাত্র জনতার আন্দোলন সফলতা পেল- তার এক পূর্ণাঙ্গ চিত্র।