অক্তাবিও পাস ছিলেন এনসাইক্লোপেডিক ব্যক্তিত্বদের শেষ প্রতিনিধি । ইতিহাস, দর্শন, নৃবিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য, রাজনীতি, এক কথায় মানুষের জ্ঞানবিজ্ঞানের প্রায় সবগুলো শাখাতেই তার ছিল অপরিমেয় পাণ্ডিত্য । পাশাপাশি এসব বিষয়ে তার সুগভীর পর্যবেক্ষণ ও বিশ্লেষণ তাকে করে তুলেছে অনন্য । লাতিন আমেরিকান লেখকদের মধ্যে পাসের তুল্য লেখক খুব কমই আছেন । তার রাজনৈতিক ও সামাজিক বিষয়ে লেখা ও মতামতের জন্য নিন্দিত হয়েছেন মাঝেমধ্যে কিন্তু অনুপক্ষেণীয় ছিলেন তার সুগভীর ও তীক্ষ্ণ বিচারশক্তির কারণে ।
কবি ও প্রাবন্ধিক হিসেবে পাসের বিশ্বব্যাপী পরিচয়ের পাশাপাশি আরেকটি কারণেও তিনি অনন্য : ভারতবীক্ষা । কর্মসূত্রে তিনি দুদফায় ভারতে এসেছিলেন। ভারত ও এর সভ্যতাকে তিনি যে-গভীরতায় দেখেছেন ও বিশ্লেষণ করেছেন তা খুব কম বিদেশি লেখকই করতে পেরেছেন ।