ট্রেনের চাকা তখন ঘুরতে শুরু করেছে। আমরা হাওড়া ষ্টেশনে গণদেবতা এক্সপ্রেসের কাছাকাছি, ট্রেনটা কয়েক গজ এগিয়ে গেছে। ট্রেনের শেষপ্রান্তে নিজের কামরা থেকে গার্ড সাহেব আমাদের দেখতে পেয়ে চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন "আপনারা কি এই ট্রেনে যাবেন?" আমরা সবাই চেঁচিয়ে বললাম, "হ্যাঁ, যাবো, যাবো আমাদের নিয়ে যান।" গার্ড সাহেব তার ক্ষমতা প্রয়োগ করে ট্রেন থামিয়ে দিলেন, বললেন, "উঠে পড়ুন, তাড়াতাড়ি।” আমরাও দৌড়ে গিয়ে ট্রেনের একটি কামরায় উঠে পড়লাম, স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। মনে মনে অসংখ্য ধন্যবাদ দিলাম গার্ড সাহেবকে এমন ভালো মানুষ আর — হয় না। উনি ট্রেন থামিয়ে না দিলে আমাদের সেদিন বোলপুর যাওয়া হতো না, শান্তিনিকেতনও দেখা হতো না।