পোষা পায়রার সঙ্গে ঝাঁকে ঝাঁকে জালালি কবুতর জুটে রোহণদের বাড়ি সারাক্ষণ মাতিয়ে রাখে। সারা দিন ওরা বকবক, গুটুর-মুটুর করে। সারা দিন বকবক করলেও কথা মাত্র দু-চারটি — খাও দাও সুখে থাকো, খাও দাও ফুর্তি করো।...
শুনতে শুনতে রোহণও ওদের সঙ্গে একরকম মেতে ওঠে। মাঝে মাঝে হাততালি দিয়ে বা টিন পিটিয়ে ছাদ থেকে উড়িয়ে দেয়। ফড়ফড় করে উড়ে যায়, উড়তে উড়তে আকাশে কসরত দেখায়।
নেমে আসতে চাইলে আবার হাততালি দিয়ে উড়তে বলে, তাতে কান দিতে না চাইলে টিন বাজিয়ে দেয়। অদ্ভুত ওদের স্বভাব। বাড়ির চারপাশের গাছপালায় একটুও বসবে না। বাঁশবাগানে বসবে না। উঁচু একটা শিমুল তুলোর গাছ আছে। তালগাছ আছে তিনটি, একটি আমলকীগাছ আছে। কাক জামগাছ আছে। নয়তো মহুয়াগাছে বোস! ভালো না লাগলে নাগকেশরগাছ তো আছে। অথবা ফুলবাগানে যা।