গল্পপড়া হলো পড়ুয়াদের নেশা। অনেকে অনেক রকম গল্প ভালবাসে। কেউ রোমাঞ্চকার গল্প, কেউ রহস্য গল্প, কেউ ভালবাসার গল্প, কেউ ভূতের গল্প। ভূত আছে কি নেই বলা মুশকিল। এ নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, তবে আমরা পড়ুয়াদের দলে। তার্কিকরা বিতর্ক করবে। দেহ থেকে আত্মা খাঁচা ছাড়া হওয়ার পর তা কোথায় যায় তা এখনই বলা যায় না। এর মধ্যে কিছু আত্মা যেখানে সেখানে হামলা করে, যদি তারা অতৃপ্ত থাকে; স্বাভাবিকভাবে তারা দেহ থেকে বের হয় না। যেমনটা হয় অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে। এই সবাই কোন না কোনভাবে আমাদের নজরে আসে বলে ধরে নেয়া হয়। লেখক কল্পনার চোখে অন্তত তাই দেখতে পান এবং তার কলম দিয়ে তারই চমৎকার ছবি আঁকেন। আমরা আগ্রহ ভরে পড়ে তৃপ্ত হই। বিদেশী লেখকদের তেমন লেখা ভাষান্তরিত হয়ে স্থান পেয়েছে বর্তমান সংকলনে। ভাষান্তরের ফলে মূল লেখার মেজাজ হয়ত খানিকটা এদিক ওদিক হয়ে থাকতে পারে। তবে লেখার কৌলিন্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। প্রকাশক মহোদয় অনুগ্রহ করে ছাপিয়ে আমাঘ কৃতার্থ করেছেন। তাই যত সমালোচনার ঝাল আমার কাঁধে তুলে নিচ্ছি, আর সবটা সাধুবাদ তাঁর।