চট্টগ্রামের কুতুবদিয়া থেকে মাত্র ফিরেছি। ড্রাইভার তেজগাঁ হেলিপ্যাড থেকে প্রচন্ড বেগে গাড়ী চালিয়েছে বিটিভিতে পৌঁছানোর জন্য। মনে হচ্ছিল গাড়ীসহ এই পড়ি কি এই মরি। কিন্তু উপায় নেই। টেলিভিশনে ৮ টার নিউজে এই সংবাদ আমাকে ধরাতে হবে অর্থাৎ প্রচার করতে হবে। ১৯৯১ সালের ২৯শে এপ্রিল চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল দিয়ে প্রচন্ড ঝড় বয়ে গেছে। বিদেশীরা ত্রাণ সামগ্রী এবং হেলিকপ্টার নিয়ে সাহায্যের জন্য এগিয়ে এসেছে। আমি গিয়েছিলাম ত্রাণ বিতরণের এবং সেখানকার অবস্থার সংবাদ সংগ্রহের জন্য।
কিভাবে সে কাজ করেছিলাম তা পরে লিখছি। ঝড়ের বেগে গাড়ি নিয়ে পৌছুলাম বিটিভিতে। ঘড়ির কাঁটা তখন সাড়ে সাতটার ওপরে। আমার সাথে ছিল দক্ষ ক্যামেরাম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া। সে এডিটিংয়ে সাহায্য করলো।আমি ভয়েস রেকর্ড করলাম। সত্যি সত্যি ৮ টার সংবাদে আমার ভয়েসওভার রিপোর্টিং প্রচারিত হলো। রিপোর্টিং প্রচারের আগের মুহুর্ত পর্যন্ত আমার ভেতরটা কাঁপছিল ভয়ে এবং উত্তেজনায়। রিপোর্টিং ঠিক ঠিক প্রচারিত হবে তো?