মীর মশাররফ হোসেনের রচনা নিয়ে তাঁর জীবৎকালে যেসব আলোচনা প্রকাশিত হয়েছে,সেগুলোর মূল সুর অনেকটাই এক। কি না,কোনো মুসলমান যে এমন সুন্দর বাংলা লিখতে জানেন,মীরের গ্রন্থ পাঠের আগে বাংলার হিন্দু তো বটেই,মুসলমান শিক্ষিত সমাজও নাকি একথা ভাবতেই পারেননি। কাজেই বোঝা মুশকিল যে এইসব আলোচনা কি ব্যক্তি মীর মশাররফের প্রশংসার ছলে তার ধর্মীয় গোষ্ঠীর সমালোচনা,নাকি তাদের সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দেওয়া। কারণ যেটাই হোক,ঘুরেফিরে একই ধরনের কথা উচ্চারিত হয়েছে বিভিন্ন পত্রিকা এবং সাময়িকীতে। কেউ বলেছেন- ‘মুসলমানদিগের গ্রন্থ এরূপ বিশুদ্ধ বঙ্গভাষায় অল্পই অনুবাদিত ও প্রকাশিত হয়েছে।’