আমাদের বাসার মতো ঝগড়া আর কোথাও হয় না। সারাদিন সবাই ঝগড়ায় মেতে থাকে। বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে। বড় চাচা দাদির সঙ্গে। রতনের মা পাশের বাসার বুয়ার সঙ্গে। এটা স্বাভাবিক লাইনআপ, তবে ঝগড়াবহুল একটা বাসায় সবকিছু নিয়মমতো চলবে এটা তো আশা করা যায় না। মাঝেমধ্যে পক্ষ-প্রতিপক্ষ বদলে যায়। মায়ের সঙ্গে লাগে দাদির। বড় চাচার সঙ্গে বাবার। আমার সঙ্গে রতনের মা'র।
লড়াইগুলো কখনো কখনো দ্বিমুখী থেকে ত্রিমুখী বা চতুর্মুখী হয়ে যায়। সেগুলোর রূপান্তরও হয় চমৎকারভাবে। এমনিতে আমরা সবাই ঝগড়া করি কিন্তু অন্যদের ঝগড়ার সময় বাকিরা ঘটনাটা এমনভাবে দেখতে থাকে যে মনে হয়, ঝগড়া-ঝাঁটি খুবই ছোটলোকের কাজ। মাঝেমধ্যে আবার বিবেকের মতো ঝগড়াবিরোধী দুয়েকটা জ্ঞানের কথাও বলে ফেলে। তাতে আগুনে আরো ঘি পড়ে। উত্তেজনা তুঙ্গে পৌঁছায়।