খুব দ্রুত একমত হলাম আমরা। বাবলুকে একটা মার দিতে হবে। কড়া মার। শরীফ বলল, হাত-পা চূর্ণ-বিচূর্ণ করতে হবে। কারো কোনো প্রতিবাদ নেই। সবাই চূর্ণ-বিচূর্ণ করারই পক্ষে।
লক্ষ করেছি, মারামারির ব্যাপার হলে একমত হওয়াটা অনেক সহজ। তখন কারো মনে হয় না, বাসায় খুব জরুরি কাজ আছে। কেউ বলে না, 'একটু তাড়াতাড়ি ফিরতে হবে। টিভিতে রেসলিং আছে।'
বাবলুকে না মারলে চলছে না। ক্লাসে স্যাররা যা জানতে চান বাবলু তার উত্তর গড়গড় করে বলে দেয়। ফুটবল টিমে এত দিন রবি ছিল ক্যাপ্টেন, এই তিন দিন বাবলু এত এত গোল করেছে যে গেম টিচার পরশু রবিকে ডেকে বলেছেন, এই ছেলেটার মতো খেলো। দেখো কেমন ড্রিবল করছে! আমিও তো স্যার এ রকম কত গোল...। রবির কথা শেষ হওয়ার আগেই স্যার বলেছেন, থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দেব।