ভূমিকা
সেই ১৯৬৩-৬৪ সালে ঢাকা শহরের তরুরাজির ইতিবৃত্ত 'শ্যামলী নিসর্গ' লেখার পর বাংলাদেশের বৃক্ষ ও লতাগুল্ম নিয়ে কিশোর-কিশোরীদের জন্য একটি বই লেখার কথা মনে এসেছিল। ১৯৬৬-৬৭ সালে আমার প্রাক্তন ছাত্র সুধীর কুমার দত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্সে ঢাকার বাহারী গুল্মরাজি নিয়ে গবেষণা শুরু করলে তার সঙ্গে একত্রে বইটি লেখার কথা ভেবেছিলাম। কিন্তু 'শ্যামলী নিসর্গ' প্রকাশে অস্বাভাবিক বিলম্ব ঘটায় দ্বিতীয় বইটি সম্পর্কে উৎসাহ হারিয়ে ফেলি। ১৯৭৪ সালে আমি রাশিয়া চলে যাই এবং ১৯৮১ সালে ছুটিতে দেশে ফিরে দেখি 'শ্যামলী নিসর্গ' প্রকাশিত হয়েছে। তখন শিশুসাহিত্যিক এখলাসউদ্দিন আহমদ 'বাংলার ফুল' নামে একটি বই লিখতে বলেন। নতুন উদ্যমে কিছুটা বইপত্র সংগ্রহ করে মস্কো ফিরি ও কাজ শুরু করি। কিন্তু স্বদেশের পরিবেশ থেকে বিচ্ছিন্ন অবস্থায় প্রয়োজনীয় বইপত্রের অভাবে কাজ তেমন কিছু এগোয় না। ঠিক তখনই প্রয়াত হলেন জন্মনিসর্গী আমার দুই জ্যেষ্ঠ সুহৃৎ- বলধা বাগানের অমৃতলাল আচার্য আর বরিশালের ডা. এম. আহমদ। অতঃপর তাঁদের কাছ থেকে উৎসাহ ও মূল্যবান তথ্যাদি পাওয়ার সম্ভাবনা আর রইল না। বইটি হয়ত কোনদিনই লেখা হত না যদি কবি ও সাহিত্যিক হাসান হাফিজুর রহমান চিকিৎসার্থে মস্কোয় আসার (১৯৮৩, জানুয়ারি) সময় আমার জন্য ড. আবদুল্লাহ আল মুতীর লেখা 'ফুলের জন্যে ভালবাসা' বইটি না আনতেন। চমৎকার অঙ্গসজ্জা ও বিষয়বস্তুর আকর্ষী বিন্যাসসহ বইটি আমাকে নিজ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে উদ্দীপনা যুগিয়েছিল। তদুপরি ছিল হাসানের উৎসাহ আর তাগিদ। বলা প্রয়োজন যে ১৯৫৭ সালে হাসানের হাত ধরেই সাহিত্যজগতে আমার প্রবেশ। অন্য অনেকের মতো হাসান আমাকেও লিখতে বাধ্য করেছিলেন এবং দেখলাম জীবনের শেষ দিনগুলিতেও তাঁর সেই উদ্যমের কোনই পরিবর্তন ঘটে নি। তাঁর ঋণ অপরিশোধ্য রয়ে গেল।
বইটি লেখার সময় তিনটি বই থেকে বিশেষ সাহায্য পেয়েছি: সুধীর কুমার দত্তের অপ্রকাশিত থিসিস, ভিক্ষু বুদ্ধদেবের 'ফুলের বাগান', বিষ্ণুস্বরূপের 'গার্ডেন ফ্লাওয়ার্স'। অকপটে তাদের ঋণ স্বীকার করছি। শেষোক্ত বই দুটি, বিশেষত 'ফুলের বাগান' হাতেকলমে বাগান তৈরি শিক্ষার পক্ষে খুবই সহায়ক। পাণ্ডুলিপি পাঠের অপ্রিয় কাজটি করেছেন মস্কোর 'রাদুগা' প্রকাশনের অরুণ সোম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী আনোয়ার। আমার দুষ্পাঠ্য লেখা থেকে প্রথম পাণ্ডুলিপি তৈরি করেন শ্বশূমাতা উষারানী চক্রবর্তী। বইটি সম্পাদনার দায়িত্ব দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক ড. ম আখতারুজ্জামান, প্রকৌশল বিদ্যালয়ের অধ্যাপক ড. জহুরুল হক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাহিত্যিক ড. হায়াৎ মামুদ ও শফি আহমেদকে। কলকাতা থেকে অধ্যাপিকা শিবানী গুপ্তা উপমহাদেশের লুপ্তপ্রায় উদ্ভিদের তালিকাটি পাঠান। মস্কো থেকে পাণ্ডুলিপি বহন ও সংরক্ষণের দায়িত্ব নিয়েছিলেন জাতীয় সাহিত্য প্রকাশন সংস্থার পরিচালক সুসাহিত্যিক মফিদুল হক। শেষ পাণ্ডুলিপিটি তৈরি করেছেন শ্রীমতি রীণা চক্রবর্তী ও শ্রীমতি সীমা দাস। তাদের সকলের কাছেই আমি কৃতজ্ঞ। পরিশেষে, বাংলা একাডেমীর অন্যতম উপ-পরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং 'মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা'র সম্পাদক মহাশয় বইটি সম্পর্কে উৎসাহ না দেখালে হয়তো কোনদিনই তা প্রকাশিত হতো না।
বইটির নামকরণ করেছি রবীন্দ্রনাথের একটি কবিতার পঙক্তি দিয়ে। তাছাড়া উপশিরোনাম ও বর্ণনায় বার বার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার পঙক্তি ব্যবহৃত হয়েছে। অত্যন্ত সুপরিচিত বিধায় সেগুলির স্বীকৃতিমূলক টীকা দেওয়া নিষ্প্রয়োজন মনে করি। কিশোর-কিশোরীদের মনে প্রকৃতি ও পুষ্পজগৎ সম্পর্কে উৎসাহ ও ভালবাসা জাগানোর জন্যই বইটির প্রথমাংশ কিছুটা স্মৃতিকথার শৈলীতে লেখা। তারা বইটি পড়ে প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশ সজ্জার কর্তব্যে যত্নবান হলেই শ্রম সার্থক মনে করব।
৪৩, স্যুদোত্রইতেলনায়া, মস্কো
দ্বিজেন শর্মা…
—সূচিপত্র
এক:
কত পুল ফোটে ১
কুসুমে কুসুমে চরণচিহ্ন ৩
সহসা ফুটিল ফুলমঞ্জরি ৫
জোটে যদি মোটে একটি পয়সা ৬
হে বঙ্গ ভাণ্ডারে তব ৮
যেথায় ফোটে সোনার কমল ৯
নাম দিয়ে আমি নিলাম আপন করে ১১
বাংলার তরুলতা ১২-৯৮
বৃক্ষ
গুল্ম
লতা
দুই:
মরশুমি ফুল
কন্দজ
অর্কিড
কুঞ্জ!
তিন: বাগান ও আনুষঙ্গিক ৯৯-১০৬
মাটি ও সার
লন
গাছ লাগানো
হেজ
মরসুমি ফুল
অর্কিড
সার সেচ
গাছে জলসেচ
গাছের অসুখ
ডাল ছাঁটা
পদ্মপুকুর
পাখি, প্রজাপতি ও সাপ
কাটাফুল
টীকা ১০৭
গ্রন্থপঞ্জি ১০৯
নির্ঘণ্ট ১১১
| বইয়ের নাম | ফুলগুলি যেন কথা |
| লেখক | দ্বিজেন শর্মা |
| প্রকাশনী | চারুলিপি প্রকাশন |
| ভাষা | বাংলা |
| বিভাগ | পরিবেশ ও প্রকৃতি |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।