গুলতি মানিককে চেনে না এমন লোকের সংখ্যা এই তল্লাটে নেই বললেই চলে। সেদিন স্কুলে রেজাল্ট দেওয়ার সময় হেড মাস্টার মহাশয় মানিককে গুলতি মানিক বলে ডাকলেন। মাস্টার মহাশয়ের মুখে এমন কথা শুনে সবাই মুখ টিপে হাসলো। শেষ পর্যন্ত স্যারও! মানিক, গুলতি মানিক বনে যাওয়ার পেছনে একটা অন্যরকম গল্প আছে।
ছোটবেলায় মানিক তার মামার সাথে আরশনগরের মেলায় যেয়ে রঙিন বাটের একখানা গুলতি কিনেছিল। আর সেই গুলতি নিয়েই রাত-দিন গবেষণা তার। পাখি শিকার করতে সারাদিন বনে বনে ঘুরে বেড়ায়। পাখির দেখা পেলেই গুলতি ছোড়ে কিন্তু কখনো একটা পাখি মারতে পেরে ছিল কি না আমার জানা নেই। সেই থেকে আজও পর্যন্ত গুলতি তার ধ্যান-জ্ঞান। যখন যেখানে যাক না কেন, মাজায় একটা গুলতি গোঁজা থাকবেই তার। গুলতি কাছে রাখা যেন নেশায় পেয়েছে তার। অনেক দিন থেকে গুলতি নিয়ে খেলতে খেলতে এখন তার হাত ভালোই পেকেছে। টার্গেট মিস হয় না ।