বিস্মরণের সাধারণ সূত্রে মেতেছিলেন প্রস্ত,বলেছিলেন সময়কে প্রতারক,কারণ তা হরণ করে নেয় স্মৃতিকে,ঝাপসা করে দেয় ভালোবাসাকে; পুনস্থাপিত করে অন্যটিকে একটির জায়গায়। কিন্তু এ নয় শুধু মায়াবী প্রতারকের প্রস্থান,নয় হারানোর ফলাফল। বরং তা এক প্রত্যাবর্তন,কারণ এই প্রত্যাবর্তনই টেনে তোলে অস্তিত্বকে। কিন্তু কেন এই প্রত্যাবর্তন? কেন এই হারানো সময়ের সন্ধানে ডুবুরির মতো সচেষ্ট হয় মন? হয়তো কারণ এই যে,এ-স্মৃতিতে থাকে সময়,থাকে জীবন; থাকে তা অন্ধকারে,ডার্করুমে। প্রয়োজনে তা অতীতের রূপায়ণকে তুলে ধরে,অতীতকে স্মৃতি-বিস্মৃতির সন্ধিবিন্দু থেকে ফিরিয়ে আনে। সময় পুনর্গঠিত হয়,অভিজ্ঞতাকে উপস্থিত করে ছবির মতো বর্ণিলভাবে। স্মৃতি আর কিছুই নয় সময়ের উদ্ভাসন ও পুনর্বিবেচনা; হারানো সময়ের সংরক্ষণ আর পুনরুদ্দীপনই স্মৃতি।