মানুষের একান্ত প্রয়োজনীয় বস্তুসমূহের মধ্যে অর্থ-সম্পদ অন্যতম। অর্থ-সম্পদ ব্যতীত মানুষের জীবন ধারণ একেবারেই অসম্ভব। জীবন এবং সম্পদ একটি আরেকটির পরিপূরক। সম্পদ ছাড়া যেমন জীবন ধারণ সম্ভব নয়, তেমনি প্রাণহীন ব্যক্তির জন্য অর্থেরও কোনো মূল্য নেই। অর্থ-সম্পদ মূলত: আল্লাহ তৈরিই করেছেন মানুষের কল্যাণের জন্য। কিন্তু এ অর্থই আবার কখনো কখনো অনর্থের কারণ হয়ে থাকে।
বিত্ত-বৈভব যেমন মানুষের প্রভূত কল্যাণে ব্যবহৃত হয়ে থাকে, অনুরূপভাবে তা আবার মানুষের ক্ষতিকর কাজেও ব্যবহৃত হয়ে থাকে। এটি নির্ভর করে সম্পদের সঠিক ও অপব্যবহার এবং সুসম ও অসম বণ্টন ব্যবস্থার উপর। অর্থনৈতিক ক্ষেত্রে যে সকল মতবাদ প্রচলিত আছে, তার সবগুলোই সম্পদ সঠিক ব্যবহার ও সুসম বণ্টনের মাধ্যমে সকল মানুষের সার্বিক কল্যাণে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।
অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিবাদ এবং সমাজবাদ দুটি উল্লেখযোগ্য মতবাদ। এর মধ্যে সমাজবাদ বা সমাজতন্ত্র মানুষের কল্যাণে কোনো ভূমিকা রাখা তো দূরের কথা, নিজের অস্তিত্বও টিকিয়ে রাখতে সক্ষম হয়নি। পুঁজিবাদ এখনো অর্থনৈতিক ক্ষেত্রে তার প্রভাব বলয় টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে।