রোমের রাস্তায় সেদিন মানুষের ভিড়। খেটে খাওয়া মানুষেরা তাদের কাজকর্ম ফেলে রাজপথে বেরিয়ে এসেছে দলে দলে। কারণ বিজয়ীবীর সিজার সেদিন একটা যুদ্ধজয় করে দেশে ফিরে আসছেন। লোকে তাকে দেখার জন্য পথের দুধারে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। দিনটাকে তারা আমোদ- আহ্লাদ-উৎসবের দিন করে তুলেছে। সিজার তাদের প্রিয় সেনাপতি। কিন্তু রোমের কিছু নাগরিক সিজার-পুজোর এই উন্মাদনাকে ভালো চোখে নেয়নি। তারা ভয় পাচ্ছিল। স্বাধীনতা ও নাগরিকদের অধিকার হারানোর ভয়। রোমে রাজা বা সম্রাট বলে কেউ ছিল না। নাগরিকরা প্রতিনিধি নির্বাচন করে দেশ শাসনের ব্যবস্থা করত।