‘‘বিদ্রোহী’ বিস্ফোরক, দৃষ্টান্তরহিত, বাংলা কাব্যস্থানে নতুন আলোর দিশা। হাবিলদার কাজী নজরুল ইসলাম এই কবিতা লেখার মধ্য দিয়েই “বিদ্রোহী’র কবি” হিসেবে চিহ্নিত হলেন এবং তাঁর নাম থেকে ‘হাবিলদার’ শব্দ খসে পড়ল। পরে তিনি ‘বিদ্রোহীর কবি’ থেকে ‘বিদ্রোহী কবি’ হিসেবে সমাদৃত হয়েছিলেন অল্প সময়ের মধ্যে। ‘বিদ্রোহী’র ভাব, ভাষা, অলংকার, উপস্থাপনা সম্পূর্ণ নতুন। একরাত্রে বসে এ মহা-কবিতা রচনা করেছিলেন নজরুল ভেবে অবাক হতে হয়। ‘যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না’ এই প্রত্যয় ছিল তাঁর জীবনের শেষ অবধি।