কবিতা পাঠ করতে গিয়ে আমাদের মনের মধ্যে যেসব প্রশ্নের উদয় হয় প্রায়শই, সেইসব প্রশ্নের উত্তর খোঁজার একটা প্রয়াস রয়েছে এই বইয়ের অন্তর্ভুক্ত গদ্যগুলোয়। কীভাবে কবিতা আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করে, অথবা উল্টো করে বললে কীভাবে আমরা কবিতাকে বুঝে নিতে চাই আমাদের যাপিত জীবনের বিভিন্ন অভিজ্ঞতার ভিতর দিয়ে- তার কিছুটা আভাস দেয়ার চেষ্টা করা হয়েছে এখানে। সেই সঙ্গে প্রিয় কবিদের জীবন নিয়ে- কবিতা-জীবন নিয়েও কিছু কথা উঠে এসেছে প্রসঙ্গক্রমে। কবিতা কীভাবে ব্যক্তি-মানুষের নিঃসঙ্গতাকে ধারণ করেও ধাবিত হতে পারে সমষ্টির দিকে- সামস্টিক উন্মেষের দিকে- কীভাবে হয়ে উঠতে পারে একের ভিতর দিয়ে সকলের- সেই প্রক্রিয়াটিকেও বুঝতে চাওয়া হয়েছে সহজ জিজ্ঞাসায় আর সম্ভাব্য উত্তরে। আশা করছি অনুসন্ধিৎসু পাঠক কিংবা সেইসব তরুণ কবি-মন- যাদের হৃদয়ে ভাবনার উদয় হয় কবিতা বিষয়ে, — কিছুটা হলেও তার সেইসব কবিতা-ভাবনার সহায়ক হয়ে উঠবে এই গদ্যগুলো।