বাইরে কাকমরা রোদ অথচ ভেতরে বুড়োমরা শীত। বাংলা ব্যাকরণে বুড়োদের সাথে একটু বেশি অন্যায়ই করা হয়েছে। কাকের মতো একটা প্রথম শ্রেণির অভদ্র প্রাণীর সাথে বুড়োদের মেলানো হয়েছে। কাক ভুশণ্ডি, কাক তপস্বী, তীর্থের কাক। শিশির মনে মনে ব্যাসবাক্য তৈরি করতে লাগলো।
যে রোদে কাকের মতো কঠিন প্রাণী হার্টফেলে মারা যায়- কাকমরা রোদ। যে শীতে বুড়োদের মতো পরিবার গরম করা উদ্বায়ী পদার্থ নিজেই বরফে পরিণত হয়- বুড়োমরা শীত।
শিশির কাঁপছে। পাশাপাশি কপালের ঘামও মুছছে। কোনোটাই শীত গ্রীষ্মের প্রভাবে না। টেনশনে। কারণ ভেতরে এসির মনিটরে লেখা ১৬ ডিগ্রি সেন্টিগ্রেড।