শওকত ওসমানের কথা-সাহিত্যে উপন্যাস একটি বড় জায়গা জুড়ে বিরাজ করছে। তার মোট উপন্যাসের সংখ্যা চৌদ্দ (১৪)। প্রথম দুটি উপন্যাস পশ্চিমবঙ্গের পটভূমিতে লেখা এবং রচনা বাস্তববাদী। এর পরের সব রচনা ধারণা কেন্দ্রিক বা কন্সেপচুয়াল। প্রথম দুটি উপন্যাস যখন লিখছেন ছিলেন পশ্চিমবঙ্গে। এবং বই দুটি ১৯৪৭- এর ভারত বিভাগের পূর্বে লেখা। দেশ-ভাগের পর ১৯৪৭-এ তিনি চট্টগ্রাম সরকারী কমার্স কলেজে যোগ দেন। তাঁর বাকি রচনায় পশ্চিমবঙ্গের পটভূমি আর দেখা যায়নি। আর সম্ভবত: এই শেকড় বিচ্ছিন্নতা তাকে ধারণাভিত্তিক রচনা নির্মাণের দিকে ঠেলে দেয়। বণী আদম উপন্যাসটি লেখকের প্রথম রচনা। বইটি মূদ্রণের আগে লেখক লিখছেন "পঁয়তাল্লিশ বছর পূর্বে-প্রায় দুই প্রজন্মের কাল- এই উপন্যাসের কিয়দংশ বেরিয়েছিল অবিভক্ত বঙ্গে "আজাদ” পত্রিকার ঈদ- সংখ্যায়। তারপর নানা কারণে "বণী আদম" আর পুস্তকাকারে বের হয়নি। পাণ্ডুলিপি পাওয়াই দায় ছিল। সৌভাগ্যক্রমে পাণ্ডুলিপি আবার হাতে আসায় বইটি শেষ করতে পারলাম।..."