ফ্ল্যাপে লিখা কথা ক্যান্সার শব্দটির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত মৃত্যুভয় । সভ্যতার এই চূড়ান্ত বিকাশের যুগেও চিকিৎসা বিজ্ঞান সম্পূর্ণভাবে অসহায় ঘাতকব্যাধি ক্যান্সারের আক্রমণ মৃত্যুর আগেই মানুষকে নিক্ষেপ করে মৃত্যুর অতল কালো গহ্বরে। লেখক জাহানারা ইমাম,একাত্তরের মুক্তিযুদ্ধে যাঁর সন্তান ও স্বামী শহীদ হয়েছেন,মৃত্যুকে যিনি কাছ থেকে প্রত্যক্ষ করেছেন সেই সময়ে,যে মৃত্যু তাঁকে তখন স্পর্শ করতে পারেনি। ক্যান্সার তাঁকে আক্রমণ করেছে বিরাশিতে। অত্যন্ত সাহসের সঙ্গে তিনি রুখে দাঁড়িয়েছেন ক্যান্সারের বিরুদ্ধে,যেভাবে মৃত্যুকে তিনি রুখেছিলেন একাত্তরে। চিকিৎসকদের সহযোগিতায় তিনি ক্যান্সারের প্রথম ও দ্বিতীয় আক্রমণকে পর্যুদস্ত করেছেন চড়া মূল্যে। শুধু অর্থের পরিমানে চড়া নয়,অপরূপ লাবণ্যময়ী এই নারী হারিয়েছেন তাঁর মুখশ্রীর অনিন্দ্য সৌন্দর্য। গত দশ বছর ধরে তিনি বসবাস করছেন তাঁর দ্বিতীয় যুদ্ধের কথা ‘ক্যান্সারের সাথে বসবাস’ গ্রন্থে।শুধুমাত্র মহৎ শিল্পীরাই পারেন মৃত্যু সম্পর্কে এতকানি নির্মোহ হতে,যা যে কোনো মানুষকে অনুপ্রাণিত করবে মৃত্যুভয় অতিক্রম করতে। একই সঙ্গে ক্যান্সার আক্রান্ত মানুষেরও সহযোদ্ধা হিসেবে বিবেচিত হবে এই গ্রন্থ।