লালনচর্চার ইতিহাস সুদীর্ঘ। লালনচর্চার পথিকৃত গ্রামীণ সাংবাদিকতার প্রাণপুরুষ এডিটর মহাশয়খ্যাত 'গ্রামবার্তা প্রকাশিকা'র সম্পাদক কাঙাল হরিনাথ মজুমদার ১৮৭২ সালে প্রথম লালনের নাম ছাপার অক্ষরে তুলে এনে লালনচর্চার পথ সুগম করেন। তারপর বাংলা সাহিত্যের 'মীর সাহেব' খ্যাত মীর মশাররফ হোসেন সম্পাদিত 'পাক্ষিক হিতকরী'র পথ বেয়ে ২০১২ সাল প্রায় ১৪৪ বছরের লালনচর্চার ইতিহাস। দিন, মাস, বছরের হিসেবে এটি কম সময় নয়। কিন্তু প্রশ্ন জাগতে পারে এই সুদীর্ঘ সময়ে লালন সাঁইজিকে আমরা কতটুকু বুঝতে পেরেছি?
কুষ্টিয়ার লালন সাঁইজি আজ সমাজের সর্বস্তরের মানুষের কাছে সমানভাবে সমাদৃত। লালনচর্চার ইতিহাস পর্যালোচনা করলে, আমরা দেখবো যে লালনচর্চা শুরু হয়েছিলো লালনদর্শন এবং লালন শাহী সম্প্রদায়ের ধর্মীয় সাধনা ও দর্শন আলোচনার মাধ্যমে। কিন্তু খুব অল্পদিনের মধ্যেই গবেষকগণ দুটি দলে বিভক্ত হয়ে লালন সাঁইজিকে নিয়ে অহেতুক বিতর্কে জড়িয়ে পড়েন। লালনচর্চা লক্ষ্যচ্যুত হয়ে ভিন্ন খাতে বাঁক নেয়। লালনের দর্শন ছেড়ে তাঁর জাতিগোত্রের পরিচয়ে গবেষকগণ অধিক মনোযোগি হয়ে ওঠেন। জীবদ্দশায় লালন সাঁইজি নিজে যে বিষয়টায় খুব বিরক্ত ছিলেন, মৃত্যুর পর গবেষকগণ সেই বিষয়ে অধিকতর মনোযোগি হয়ে পা ছেড়ে দিয়ে লাঠি ধরার মতো আনকাজে ব্যস্ত হয়ে পড়েন। লালনচর্চা লালনের দর্শনের মাহাত্ম্য এবং সাধনার পথ বাতলে দেবার লক্ষ্য নিয়ে শুরু হলেও-সেই ধারা অক্ষুন্ন থাকেনি। লালন চর্চার কাঙাল হরিনাথ মজুমদার, মীর মশাররফ হোসেন কর্তৃক প্রকাশিত 'হিতকরী' পত্রিকা এবং বিখ্যাত ঠাকুর পরিবার পর্যন্ত সঠিক পথে চললেও পরবর্তীতে এসে বাঁক পরিবর্তন। করে ভিন্ন খাতে চলে যায়