লালু আর বিলু দুই ভাই। ওদের অত্যাচারে পাড়া-প্রতিবেশী তো বটেই, বাবা-মা পর্যন্ত অতিষ্ঠ। দুই ভাই তো নয়, যেন চির শত্রু ওরা। বাবা মোকারম সাহেব ছোট্ট চাকুরে। পুরান ঢাকার গদিখানায় ক্যাশিয়ারের কাজ তার। মালিকের পাশে বসে হিসাব-পত্তর করে, আবার কখনও কখনও মোকাম থেকে খদ্দেরকে মালামাল মেপে দেয়।
বাপ যেহেতু বাসার বাইরে থাকে, সেই সুযোগে লালু বিলুর দস্যিপনা মাত্রা ছাড়ায়। মাকে ওরা থোরাই কেয়ার করে। মা তো মা- ই। ভাবখানা এমন যেন মহাবিদ্বান লালু বিলু। মাকে বোকা বানানো সবচে সোজা। মা যেন সবকিছু বুঝেও বোঝে না। কিন্তু ওরা কি আর জানে, মা রেবেকা সব জেনেবুঝেও চুপ করে থাকে।