পৃথিবীর সাংস্কৃতিক ইতিহাসে দুটি দিক দিয়ে রবীন্দ্রনাথের অনন্যতা আমাদের বিস্মিত করে। একটির পরিচিতি ব্যাপকতর ক্ষেত্রে,অন্যটির পরিচয় সংকীর্ণ পরিসরে সীমাবদ্ধ। ব্যাপকতর ক্ষেত্রে পরিচিত যা তা হল মৌলিক সৃজনী ক্ষমতার অধিকারী হয়েও রবীন্দ্রনাথের বিশ্বভারতী এবং শ্রীনিকেতন স্থাপনের মাধ্যমে তাঁর অতুলনীয় সাংগঠনিক প্রতিভার পরিচয় দান,বিশ্বে এ ক্ষেত্রে নজিরহীন ভূমিকা পালন তাঁর। টলস্টয়,শেকসপিয়র,গোর্কী,মোপাসাঁ,ও হেনরী,বার্নার্ড স কিংবা গ্যেটে,শেলী,কীট্স্,ওয়ার্ডসওয়ার্থ অথবা অন্যান্য লোকেত্তর প্রতিভার অধিকারী যাঁরা তাঁরা তাঁদের প্রতিভাকে সৃজনাত্মক কার্যেই সীমাবদ্ধ রেখেছিলেন,রবীন্দ্রনাথ ছিলেন এর ব্যতিক্রম।