রোজ রোজই সেই এক-সেই ভোর না হতেই কারখানার বাঁশিটার কাঁপা কাঁপা বিশ্রী চিৎকার... কুলি-বস্তির ধোঁয়াটে তেলচিটে আকাশটা আঁতকে ওঠে। ও তো ডাক নয় যেন সমন। পেশিগুলো চাঙা হয়ে ওঠার আগেই গুমোট ঝাপসা অন্ধকারে ঘুম ভেঙে যায়। ধড়ফড় করে উঠে খুপরিগুলো থেকে অন্ধকার মুখে মানুষগুলো বেরিয়ে আসে ভয়-খাওয়া আরশোলার মতো।
কঙ্কনে ঠাণ্ডা শেষ রাতের আঁধার তখনও লেগে থাকে ভোরের গায়ে। এবড়োখেবড়ো রাস্তাটা দিয়ে চলে ওরা। কারখানার উঁচু উঁচু পাথুরে খুপরিগুলো ওদেরই অপেক্ষায় দাঁড়িয়ে আছে নির্বিকার আত্মপ্রত্যয়ে। তাদের সার-বাঁধা চৌকো চৌকো তৈলাক্ত চোখের আলো পড়ে এঁদো রাস্তাটার ওপর। মানুষগুলোর পায়ের তলায় কাদা ছপ্ করে। কর্কশ, মোটা, ঘুম-জড়ানো কণ্ঠের গালাগালি আর খিস্তির তোড়ে বাতাস বিদীর্ণ হয়। তাদের দিকে ভেসে আসে আরো নানা শব্দ-কারখানার যন্ত্র-দানবের গর্জন আর বাষ্পের ভভসানি। কুলি-বস্তির ওপরে মাথা উঁচিয়ে থাকে বিরস কালো চিমনিগুলো, মোটা মোটা উঁচনো গদার মতো।
তারপর যখন সন্ধে হয়, পড়ন্ত সূর্যের ক্লান্ত ছায়া এলিয়ে পড়ে জানলায় জানলায়, পোড়া-কয়লার ছাইয়ের মতো করে কারখানাটা তার পাথুরে ভুঁড়ি থেকে মানুষগুলোকে উরে ফেলে। আবার সেই নোংরা রাস্তা বেয়ে কালিঝুলি-মাখা কালো কঠোর মুখের মিছিল : ক্ষুধার্ত ঠোঁটের ফাঁকে দাঁতগুলো ঝিলিক দেয়। কলের তেল কালির গন্ধ বেরয় চটে গা দিয়ে। কিন্তু এ-বেলা ওদের গলার স্বরে ফুর্তির, এমনকি আনন্দের সুর-আজকের মতো খাটুনি সারা। এখন ঘরে ফিরে, কিছু গিলে শরীরটা এলিয়ে দেওয়া।