মুহম্মদ নূরুল হুদা বাংলা কবিতার এক অনিবার্য নাম। তাঁর কবিতার বৈভব বাংলা কবিতায় যুক্ত করেছে বৈচিত্র্যময় এবং বলবান বিভা। কবিতায় অর্ধশতাব্দীর অধিককালের সদর্প পদচারণার পরও অদ্যাবধি তিনি কবিতার নতুন রীতি ও প্রকরণ আবিষ্কার করে চলেছেন। কবিতার পাশাপাশি কথাসাহিত্য, প্রবন্ধ, অনুবাদ, শিশুসাহিত্য, লোকনন্দন, ভ্রমণগদ্য, স্মৃতিকথা, সম্পাদনা সর্বক্ষেত্রে তাঁর অর্জন ও অন্বেষণ সমীহ—জাগানিয়া। গণমানসে ‘জাতিসত্তার কবি’ হিসেবে অভিষিক্ত মুহম্মদ নূরুল হুদা বর্তমানে বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক।
মুহম্মদ নূরুল হুদার কবিতা ও সামগ্রিক সাহিত্যকর্ম বিষয়ে নয়টি বিশ্লেষণধর্মী রচনার সংকলন সমকালীন আরেক বিশিষ্ট কবি ও নাট্যজন ফরিদ আহমদ দুলালের এই গ্রন্থ ‘মুহম্মদ নূরুল হুদার কবিতার রূপান্তর’। এই গ্রন্থে মুহম্মদ নূরুল হুদার কবিতার সূত্রে বাংলা কবিতার এক বিশিষ্ট অধ্যায়ের বিশ্লেষিত রূপ পাঠককে ঋদ্ধ করবে।