সময়টা ইংরেজ আমল।
সে সময় আজকালকার মতো ঘরে ঘরে কম্পিউটার, মোবাইল ছিল না। এমন কী টেলিভিশন পর্যন্ত ছিল না। তোমাদের মতো তরুণ, কিশোরদের লেখাপড়ার পর খেলার মাঠ ছাড়া আরেকটি যাওয়ার জায়গা ছিল। ওটার নাম ক্লাব। তারা ক্লাবে যায়, ব্যায়াম করে। এক সময় ক্লাবে ক্লাবে শহর আর গ্রাম ছেয়ে যায়। এসব ক্লাবে যাওয়ার সুযোগ ছিল সাধারণত ছেলেদের।
ছেলেদের প্রতিদিনের দুরন্তপনার আড়ালে বাড়িতে, স্কুলে, মাঠে, ক্লাবে একটা স্বপ্ন ছড়িয়ে পড়ে। স্বপ্নটার নাম স্বাধীনতা। স্বাধীনতার স্বপ্ন। দেশ থেকে ইংরেজ তাড়ানোর স্বপ্ন। শহর, গ্রামের কিশোরদের মধ্যে স্বাধীনতা লাভের স্বপ্ন ছড়িয়ে পড়তে থাকে। এর পরিণতিতে ইতিহাসের পাতায় একদিন লেখা হয় নতুন একটি দেশের নাম। বাংলাদেশ।