নতুন ছেলেটি খুব জ্বালিয়ে মারছে। যাকে পায় তাকে প্রশ্ন করে। আর এমন সব কঠিন প্রশ্ন, যেগুলোর উত্তর জানার সুযোগই নেই।
তাই হলো কী, আমরা ওর কাছ থেকে দূরে সরে যেতে থাকলাম। ও যেদিকে যায় আমরা হাঁটি উল্টা দিকে। এর মধ্যে শফিক একবার বাথরুমে গিয়ে প্রশ্নের মুখে পড়ে গেল। ইউরেনালে দাঁড়িয়েছে, হঠাৎ দেখে পাশে দাঁড়িয়ে ছেলেটি। শফিক কর্মটার মাঝখানে আছে বলে ছুটে বের হওয়ার সুযোগ নেই, ছেলেটি হাসি হাসি মুখে বলল, 'বলো তো অস্ট্রেলিয়ার জনসংখ্যা কত?'
শফিক ক্ষেপে গিয়ে বলল, 'যত ইচ্ছা হোক, আমার তাতে কী?'
'আচ্ছা। আরেকটা বলো। মুক্তিযুদ্ধে ভৈরব ব্রিজটা কারা ভেঙেছিল?'
'আমি তো আর ভাঙিনি। আমি কী করে জানব?'