এই গ্রন্থের বিভাস রচিত হয়েছে মূলত বাংলা সাহিত্যের দুই রোমান্টিক কবির কবিতা ও জীবনের কিছু অধ্যায়ের বিশ্লেষণে। তাদের একজন রবীন্দ্রবৃত্ত চুরমার করে ভেঙে আলোতে উঠে আসা কবি কাজী নজরুল ইসলাম, অন্যজন পঞ্চাশের দশকের আরবান-রোমান্টিক কবি শহীদ কাদরী। নজরুলের বিদ্রোহী কবিতার বিশ্লেষণে রচিত দুটি প্রবন্ধে কবিতাটির আদ্যোপান্ত ছন্দ-বিন্যাস এবং পৌরাণিক চিত্রকল্পসমূহের অনুপুঙ্খ বর্ণনা উঠে এসেছে অত্যন্ত সুখপাঠ্য ভাষায়। এ ছাড়া নজরুলের উচ্চ-পর্যায়ের রসবোধেরও পরিচয় মেলে অন্য আরেকটি নিবন্ধে। শহীদ কাদরীকে নিয়ে রচিত লেখাগুলোতে উঠে এসেছে লেখকের ব্যক্তিগত সম্পর্ক-সূত্র থেকে উৎসারিত অভিজ্ঞতার নির্যাস এবং তার কবিতা-ভাণ্ডারের একটি নাতিদীর্ঘ বিশ্লেষণ। এ ছাড়া এই গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ ওয়ালীউল্লাহ, শামসুর রাহমান, আল মাহমুদ ও শক্তি চট্টোপাধ্যায়েরও কিছুটা আভাস মেলে।