অক্টাভিও পাজ ১৯১৪ সালে মেক্সিকোয় জন্মগ্রহণ করেন। এ সময়ে মেক্সিকোতে এক মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল। কিন্তু তাঁকে যুদ্ধের আঁচ থেকে রক্ষা করে বড় করে তুলছিলেন তাঁর মা জোসেফিনা লোজানা, পিতামহ এবং একজন খালা। তাঁর মা ছিলেন স্পেনীয় ইমিগ্রান্টের কন্যা, যিনি ধর্মকে প্রায় সব কিছুর উর্ধ্বে স্থান দিয়েছিলেন জীবনে। আর তারই একজন কুমারী বোন পাজকে সর্বক্ষণ সঙ্গ দিয়ে, স্নেহ দিয়ে বড় করেছিলেন। তার ছিল সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা। একেবারে শিশু বয়সে পাজ তার মাধ্যমেই ভিক্টর হুগো এবং রুশোর লেখা পড়তে সক্ষম হন। তাঁর বাবা ছিলেন একজন আইনজীবী ও সাংবাদিক। কৃষকনেতা ও বিপ্লবী এ্যামিলিয়ানো জাপাটাকে (১৮৭৭-১৯১৯) তিনি আদালতে আইনী সাহায্য দিয়েছিলেন নুয়র্কে। বিপ্লবের পর মেক্সিকোর কৃষির সংস্কারে জাপাটা বিশেষ ভূমিকা রেখেছিলেন। পাজের পিতামহ ছিলেন একজন সৎ বিপ্লবী এবং ফরাসীদের বিরুদ্ধে যুদ্ধে (১৮৬২- ৬৮) অংশ নিয়েছিলেন।