বলোতো, পৃথিবীর সবচাইতে বড় প্রাণী কি? নিশ্চয় উত্তর দিতে তোমাদের একটুও দেরী হচ্ছে না। হ্যাঁ হাতি। এখানে একটা কথা বলে রাখা ভালো। হাতি ডাঙার সবচেয়ে বড় প্রাণী। এর চেয়ে বড় প্রাণী মাত্র একটাই আছে সেটা হল তিমি। তিমি জলে বাস করে, দেখা বড় কঠিন। তাই বড় প্রাণী বললে হাতির কথাই মনে পড়ে। তোমরা নিশ্চয়ই হাতি দেখেছ। চিড়িয়াখানায়, সার্কাসে অথবা সিনেমায়। হাতি দেখতে তোমাদেরও যে খুব ভাল লাগে তাতো আমি জানি। তাই আজ তোমাদের হাতির গল্প বলব।
কিন্তু হাতির আগে তার পূর্বপুরুষের কথা বলে নিই। তোমরা হয়ত অবাক হয়ে ভাবছো পূর্বপুরুষের কথা আবার আলাদা করে কেন? কারণ হাতির পূর্বপুরুষ হাতির মত নয়। হাতির পূর্বপুরুষের নাম ম্যামথ। হাতির মত দেখতে কিন্তু অনেক বড়। চৌদ্দফুটের চেয়েও বড় হত এক একটা ম্যামথ। বরফযুগের প্রাণী, শীত থেকে বাঁচার জন্য তাদের শরীরে ছিল লম্বা লম্বা লোম। ম্যামথের দাঁত ছিল ১৩ ফুট লম্বা এবং বাঁকানো।