মেঘনাদের উত্তাল ঢেউয়ের মাঝ দিয়ে মাখনলালের নৌকা এগিয়ে যাচ্ছে শম্বুক গতিতে। নৌকার এরূপ গতি মাখনলালের কাঙ্ক্ষিত নয়। পালে হাওয়া না লাগলে, নদীতে জোয়ার না থাকলে শুধু মাঝি-মাল্লার পেশির জোরে নৌকায় কতটা আর গতি সঞ্চার করা যায়? লক্ষ্যা নদীতে সন্ধ্যা নামার আগে পৌঁছানোর পরিকল্পনা বাস্তবে রূপ দেয়া সম্ভব কি-না এবং
সন্ধ্যা তো বটেই, দিবালোকেও যে কী ধরনের বিপদের সম্মুখীন হওয়া সম্ভব তা নিয়ে নৌকার অন্য যাত্রীদের তেমন ভাবিত বলে মনে হয় না।
নৌকা এবং নৌকায় মজুদ নানা প্রকারের পণ্যের মালিকানা মাখনলালের একার
হওয়ায় বিপদ নিয়ে ভাবনার দায়ও যেন মাখনলালের একার। যাত্রীরা নৌকার উপর কাপড় বিছিয়ে তাতে কতকগুলি কাঠের ঘুঁটি সাজিয়েছে।
তাদের দলবদ্ধ হয়ে পাশা খেলার মগ্নতা দেখে মনে হয় তাদের মতো নির্ভার মানুষ এ দুনিয়ায় আর নাই। কেবল অরু নামের যুবকটি সবার উপস্থিতি অস্বীকার করে নৌকার অন্য প্রান্তে পানির উপর পা ঝুলিয়ে বসে আছে।