জিনিয়া পারভীনের গল্পটি এত সাদামাটা যে বলতেও হিম্মত লাগে। ভাবছেন, সাদামাটা গল্পে এত হিম্মতের কী আছে? জি, আছে জনাব, গল্প যত সাদামাটা, বয়ান তত ভণিতাময়। আর জিনিয়ার গল্পের সমস্যা হলো, এই গল্পে সকলেই গুরুত্বপূর্ণ হিস্যা চায়। এমনকি জিনিয়ার তিন মাসের বয়ফ্রেন্ডও! কাজেই আপনার মনেই হতে পারে, গল্পটি আসলে কার? জিনিয়ার, নাকি তার বয়ফ্রেন্ডের, নাকি প্রডিউসার ওবায়েদ হাসানের, নাকি যে বলছে, তার? নাকি এটি হরেদরে সপ্তডিঙা টেলিভিশনের গল্প?