আমাদের বাসা থেকে দেখা যেতো ফায়ারিং স্কোয়াডটা। দিনে কিংবা রাতে হঠাৎ হঠাৎ সেই মাঠ থেকে ভয়ঙ্কর শব্দ আসতো, আমরা বুঝতাম, কাউকে না কাউকে ফায়ারিং স্কোয়াডে গুলি করা হলো। ভাইয়া দেয়ালে দাগ দিয়ে রাখতো, গভীর রাতে হলেও ঘুম থেকে উঠে ঠিক একটি কয়লার দাগ পড়তো আমাদের বাথরুমের দেয়ালে। যদিও সেই চার দেয়ালের কোনও ছাদ ছিল না, ঘেরা জায়গাটার মাঝখানে একটা কল বসানো।
কাছাকাছি কাঠের সিঁড়ি দিয়ে উঠতে হতো বাঁশ দিয়ে ঘেরা একটা পায়খানা, যার তলায় মাটির চাড় বসানো থাকতো। সকালে ধাঙড়রা নিয়ে যেতো এসে। যুদ্ধ চলছিল বলে ধাঙড়রাও আসা বন্ধ করে দিয়েছিল, আমাদের পায়খানার চাড় দিন দিন ভরে যাচ্ছিল। প্রতিদিন সকালে পায়খানায় বসে আমি ভাবতাম, যদি চাড় ভরে যায়, তখন? তখন কী হবে?