সংবাদ-সাহিত্যপত্রিকা প্রকাশের মূল প্রেরণা আসে সমাজ ও সংস্কৃতি-ভাবনা থেকে। বাঙালি মুসলমান-মানসে তা রূপ লাভ করে উনিশ শতকের প্রথমার্ধে। তবে বাংলা সংবাদ-সাময়িকপত্রের ইতিহাস পর্যালোচনায় আমরা দেখি, প্রকাশকদের পত্রিকা প্রকাশের প্রেরণা মতনিরপেক্ষ ছিলো না। এ সময় এবং পরবর্তীকালে প্রকাশিত অসংখ্য পত্রিকার চারিত্র্য বিচার করে বলা যায়- এগুলোর কিছু ছিলো বিশুদ্ধভাবে ধর্ম প্রচারে নিয়োজিত, কিছু ছিলো ধর্ম ও সাহিত্য চর্চার উদ্দেশ্যে প্রচারিত; তবে বেশিরভাগ পত্রিকাই সাহিত্য চর্চার উদ্দেশ্যে জন্ম নিয়েছিল।
শেষোক্ত শ্রেণির পত্রিকায় রস-সাহিত্যের সঙ্গে সমাজ, রাজনীতি, অর্থনীতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি জীবনের বিবিধ-বিষয়ক চিন্তাধর্মী প্রবন্ধও প্রকাশিত হতো। যার ধারাবাহিকতায় এ অঞ্চলের আত্ম-বিস্মৃত মুসলমান সমাজ বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে জীবন-চর্চার সকল ক্ষেত্রে মুক্তির প্রত্যাশা করে। বর্তমান আলোচনায় বাঙালির জাগরণে এ ধারার প্রধানতম পত্রিকাগুলোর অবদান মূল্যায়নের প্রয়াস আছে।