কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের যাদুকর হিসেবে বাংলা কাব্য-সাহিত্যে সুপরিচিত। কিন্তু তিনি শুধু ছন্দনৈপুণ্যের কারণে নয়, বিশ্বজনীন দৃষ্টিভঙ্গীর জন্যও বাংলার কাব্যরসিক মহলে সুপরিচিত।
কুরআন শরীফের সূরা, হাদিস শরীফ এবং ইসলামি ভাবধারাপুষ্ট সুবিখ্যাত মুসলিম কবিদের বহু কবিতা তিনি বাংলায় অনুবাদ করেছেন। ইতিহাস-খ্যাত অনেক মুসলিম চরিত্র অবলম্বনে তিনি মৌলিক কবিতাও রচনা করেছেন। সেসব কবিতায় তাঁর প্রতিভার আশ্চর্যজনক স্ফূর্তি ঘটেছে। ইসলামি ভাবধারার গভীরতা ও সুফিতত্ত্বের রহস্যময়তা তাঁর অনুবাদে মূলের মতোই যথাযথভাবে রক্ষিত হয়েছে। এতে ইসলাম ও মুসলমানদের প্রতি তাঁর অনুরাগ এবং শ্রদ্ধাবোধেরই পরিচয় পাওয়া যায়।
এই সংকলনে সত্যেন্দ্রনাথের আরবি, ফারসি, তুর্কি, উর্দু ও পশতু ভাষা থেকে অনূদিত তিয়াত্তরটি কবিতা গ্রহণ করা হয়েছে। একেবারে পুরোপুরি ইসলামী ভাবধারাপুষ্ট কবিতা ছাড়াও বিখ্যাত ব্যক্তিত্বদের কবিতা, বিভিন্ন মুসলিম অধ্যুষিত দেশে প্রচলিত গাথা ও ছড়াগান এবং সুবিখ্যাত কবিদের কিছু কবিতা গ্রহণ করা হয়েছে। সবগুলো কবিতার নামকরণই স¦য়ং সত্যেন্দ্রনাথ দত্ত করেছেন ।