ডিসেম্বরের চমৎকার এক শীতের সকাল। জানালার পাশে শিউলি গাছটার উপর হালকা চিকন একটা রোদের রশ্মি পড়েছে কি পড়ে নি। লেপের নিচ থেকে ইরা ওর মাথাটা বের করে বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে আছে সেদিকে। রোদটা উঠি উঠি করেও উঠছে না। এই মুহূর্তে ইরার বিছানা ছাড়া উচিত। তা না হলে যে কোন মুহূর্তে মা অথবা দিদি এসে এক টানে গায়ের লেপ মাটিতে ফেলে দেবে। প্রতিবাদ করলে কানমলা তো অবধারিত।
অথচ সবার ছোট বলেই ওর প্রতিবাদ করার কোন উপায় নেই। এই ডিসেম্বরের উত্তরবঙ্গের হাড় কাঁপানো শীতে কেউ যদি বিছানার ওম থেকে কারো গায়ের লেপ টান দিয়ে ফেলে দেয়- তা হলে কেমনটা লাগে? তাই শীতের সকালে ইরা একপ্রকার আতঙ্ক নিয়েই থাকে কে কখন টান দিয়ে ওর গায়ের লেপ ছুড়ে ফেলে দেয়! তবে ইরার দিদি মীরার ব্যাপার স্যাপারই আলাদা। এই শীতের সকালে ওর সাতটার মধ্যে পড়ার টেবিলে বসা চাই। পড়তে বসা না কচু!