এই মুহূর্তে বেড়ার জানালার কাছে ভাঙা টেবিলে কাগজ রেখে যখন আমি কলম হাতে নিয়েছি, একটি বিদেশী পত্রিকার মন্তব্য খুব করে মনে পড়ছে, ইফ্ ব্লাড ইজ দি প্রাইস অব পিপলস্ রাইট টু ইন্ডিপেনডেন্স, দেন বাংলাদেশ হ্যাজ ওভারপেইড। হ্যাঁ, অতিরিক্ত মূল্যে কেনা আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য সম্মুখ যুদ্ধে যাঁরা প্রাণ দিয়েছেন ইতিহাসে তাঁদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যাঁরা অজ্ঞাত পরিচয় শহীদ তাঁদের জন্য আমরা নির্মাণ করেছি জাতীয় স্মৃতিসৌধ। আবার নতুন করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন হচ্ছে, কালক্রমে তাঁরাও নিশ্চয়ই পুনর্বাসিত হবেন। কিন্তু অপর যোদ্ধারা?
তাদের খবর কি, তা'রা কোথায়? আমরা জানি না। কেবল মাঝে মাঝে, কোন নিদারুণ নৃশংসতা ও হত্যাকাণ্ড বিষয়ে দৈনিক পত্রিকার খবরে তাদের অস্তিত্বের আভাস পাওয়া গেছে। গৃহবাসীরা শঙ্কিত হয়ে সাবধানতা অবলম্বন করেছেন।