ভুবন জুড়ে ছড়িয়ে পড়া ডানার উড়াল রাতের পর রাত, পেরিয়ে গেল সহস্র এক রজনী। গল্প বলে গেলেন এক অসাধারণ বুদ্ধিদীপ্ত নারী- শাহেরজাদা। শুধু নিজের জীবন নয়, সম্রাট শাহরিয়ারকে এইভাবে গল্প শুনিয়ে রক্ষা করেছিলেন অসংখ্য নারীর জীবন। বোর্হেসই জানাচ্ছেন আমাদের, হাজার এক রজনী অনির্দিষ্ট সময়কে প্রবহমান রেখে যায়।
এভাবেই সাহিত্যের ইতিহাস হয়ে ওঠে মানুষের সাংস্কৃতিক ও মননচর্চার ইতিহাস। কবে কখন কীভাবে এই সাহিত্যের সূত্রপাত ঘটেছিল, আজ আর তার সুলুক সন্ধান খুব সহজ কাজ নয়। তবে বইয়ের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সাহিত্যচর্চা যে দেশে দেশে বিস্তার লাভ করেছিল, সেকথা বলা যায় নিঃসন্দেহে। বিশশতকে পৌঁছুনোর আগেই এই সাহিত্যই হয়ে ওঠে বিশ্বসাহিত্য; আর বিশশতকে পৌঁছেই মানবিক অভিজ্ঞানের, বিশেষ করে ভাবুকতা আর মননের স্পর্শে সাহিত্য ঋদ্ধ হয়ে ওঠে। কবিতায় প্রধানত থাকে আবেগের উৎসারণ, কিন্তু জীবনানন্দ দাশকেও বলতে শুনি, প্রত্যেক মনীষিরই একটি বিশেষ প্রতিভা থাকে, কবিরও রয়েছে সেই প্রতিভা।