মিনু হঠাৎ ছুটিতে ছুটিতে ঘরে ঢুকিয়া বলিল,’দেখো বাবা,কি পেয়েছি!’ মুখ তুলিয়া তাকাইয়া দেখি তাহার হাতে ছোট একটি কালো পাখী। বলিলাম,’কোথায় পেলি?’ মিনু একবার পাখীটির দিকে,একবার আমার মুখের দিকে তাকাইয়া বলিল,’ধরেছি।’ ‘ধরেছি? সে কিরে! কার পাখী ধরতে গেলি।’ মিনুর কেমন যেন সন্দেহ হইল পাখীর স্বত্ব-স্বামিত্বে তাহার পিতার সংশয় উপস্থিত হইয়াছে,তাই সে বলিল,’পাখী আবার কার!’ এই বলিয়া সে ঘর হইতে বাহির হইয়া গেল-যাইবার সময়কার তাহার অর্ধব্যক্ত বাক্য হইতে বুঝিতে পারিলাম যে একটি খাঁচা সংগ্রহ করিতে পারিলেই তাহার আশু সমস্যার সমাধান হয়। কাজের চাপে মিনুর পাখীর কথা আমার মন হইতে মুছিয়া গেল।